রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

বিজয়নগরে সিএনজিতে মিলল ২০ কেজি গাঁজা: গ্রেপ্তার এক

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১০:৪৭

শেয়ার

বিজয়নগরে সিএনজিতে মিলল ২০ কেজি গাঁজা: গ্রেপ্তার এক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) অভিযানে ২০ কেজি গাঁজাসহ আবুল বাশার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিজয়নগর-চকবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল বাশার উপজেলার ছতরপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে।

এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আখাউড়া থেকে বিজয়নগর হয়ে চকবাজারগামী সড়ক দিয়ে একটি সবুজ রঙের সিএনজিতে করে মাদক নিয়ে কয়েকজন ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় সন্দেহভাজন সিএনজিটিকে থামার সংকেত দিলে চালক ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সিএনজিতে গাঁজা থাকার কথা স্বীকার করেন তিনি। পরবর্তীতে তার দেখানো মতে সিএনজির পেছনের সিটে রাখা দুটি চটের বস্তা থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল বাশার জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দ করা আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।