শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

বাঁশখালীতে পাহাড় কাটায় আবু তাহেরের এক মাসের কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২১:১৬

শেয়ার

বাঁশখালীতে পাহাড় কাটায় আবু তাহেরের এক মাসের কারাদণ্ড
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে আবু তাহের (৫৬) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম মেডিকেলের পূর্ব পাশে কচুজুম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবু তাহের উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা-প্রেমাশিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে আবু তাহেরকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমজিদুর রহমান তন্ময়। এ সময় বাঁশখালী থানা-পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।

পাহাড় কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে

সহকারী কমিশনার (ভূমি) তমজিদুর রহমান তন্ময় বলেন, পাহাড় কাটা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড় কাটা রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।