শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির গোপন কারখানা, গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২০:২৪

শেয়ার

টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির গোপন কারখানা, গ্রেপ্তার ১
ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়ির চতুর্থ তলায় গড়ে তোলা ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কারখানা থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাপ্পি ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে।

ইন্টারনেট থেকে তথ্য নিয়ে কারখানা স্থাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন বাপ্পি। পরে ব্যক্তিগত জীবনের নানা ঘটনার একপর্যায়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর নিজেই ইয়াবা তৈরির পরিকল্পনা করেন। এ জন্য ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে আবাসিক বাড়ির ভেতরে গোপনে কারখানাটি গড়ে তোলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে বাপ্পির বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। বাড়ির চতুর্থ তলায় গোপনে কারখানাটি স্থাপন করা হয়েছিল। সেখান থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।

ল্যাব ও গোপন কক্ষের সন্ধান

ওসি আরও জানান, কারখানাটিতে একটি ল্যাব ও গোপন কক্ষ পাওয়া গেছে। কক্ষটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে বাইরে থেকে সহজে এর অবস্থান বোঝা না যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে এসব রাসায়নিক উপাদান ও সরঞ্জাম সংগ্রহের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি-টঙ্গী জোন) মো. এরশাদুল রহমান বলেন, অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ তিনি চট্টগ্রাম ও কুমিল্লা এলাকা থেকে সংগ্রহ করেছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।