সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত কাজ করার সময় সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সিলেটের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারী সাংবাদিক নেতারা বলেছেন, বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ ও মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার চক্রান্ত থেকেই এই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক বৃহৎ প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গত বুধবার ওসমানী হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার হামলার শিকার হন। এর প্রতিবাদে সিলেটের সকল ধারার সাংবাদিকবৃন্দ এই সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
সমাবেশে সংহতি জানিয়ে সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্টজনেরা বক্তব্য দেন। বক্তারা বলেন, “ওসমানী হাসপাতাল সিলেটের সাধারণ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। এটি পুরো সিলেটবাসীর সম্পদ। কোনো অসাধু বা সন্ত্রাসী চক্রের কাছে সাধারণ রোগীদের জিম্মি হতে দেয়া হবে না। অতীতে বিভিন্ন সময় ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য দাবিতে সাংবাদিকেরা ইতিবাচক ভূমিকা রেখেছিলেন, কিন্তু সেই সাংবাদিকের রক্ত ঝরিয়ে তার প্রতিদান দেয়া অত্যন্ত দুঃখজনক। এই ঘটনা গোটা চিকিৎসক সমাজকেও কলঙ্কিত করেছে।”
ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। বক্তারা বলেন, সাধারণ মানুষ ও রোগীদের স্বজনদের হেনস্তা করা এবং লাঠি হাতে মারধর করা ওসমানী হাসপাতালের কিছু ইন্টার্ন চিকিৎসকের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।
সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না জানিয়ে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেয়া হয়। নেতৃবৃন্দ জানান, সিলেটের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষায় দ্রুতই পরবর্তী করণীয় নির্ধারণে যৌথ সভা আহ্বান করা হবে। সেখান থেকেই পরবর্তী কঠিন ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন:







