ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের মুখে কাঠগড়া ও আশপাশের অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় একটি কারখানার সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্পাঞ্চল পুলিশ।
শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা বাইরে বেরিয়ে বিক্ষোভ করেন এবং আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
দুপুর পৌনে ২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকেরা বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তাঁরা অন্য কারখানার শ্রমিকদের কাজে বাধা দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে পুলিশ।
তিনি আরও জানান, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের এক সদস্য মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় পর্যন্ত অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
কাঠগড়া আমতলা এলাকার একটি পোশাক কারখানার এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের আশপাশের দুই-তিনটি কারখানা ছাড়া বাকি সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।
মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটারস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। এ ছাড়া শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং ও যথেচ্ছভাবে চাকরিচ্যুত করা বন্ধের দাবি রয়েছে।
তিনি জানান, অক্টোবরের মধ্যে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন শ্রমমন্ত্রী। তবে নির্ধারিত সময়ে তা না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গতকাল রাতে শ্রম মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয়, আগামী রোববারের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কাজ শুরু হবে। কিন্তু এ বার্তা সাধারণ শ্রমিকদের কাছে ঠিকমতো না পৌঁছানোয় তাঁরা আন্দোলন করছেন।
সড়কে যান চলাচল বন্ধ, তিনটি বস্তু উদ্ধার
বিশমাইল-জিরাবো সড়কে চলাচলকারী একাধিক অটোরিকশাচালক জানান, সকালে শ্রমিকদের বিক্ষোভ শুরুর পর থেকে ওই সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁরা নিরাপদ স্থানে সরে গেছেন।
অন্যদিকে শনিবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের কারখানার সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করে শিল্পাঞ্চল পুলিশ। বাইপাইল-আবদুল্লাহপুর সড়কসংলগ্ন ওই স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটকে (এটিইউ) বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী পদক্ষেপ নেবে।
আরও পড়ুন:







