ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা (সরকার বাড়ি) এলাকার আরজু মিয়া সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আলামিন সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ১৫নং আসামি। মামলাটির এফআইআর নং- ২৩। গত ১২ মে ২০২৬ তারিখে দায়ের করা এ মামলার জিআর নং- ৩০৬।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







