রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা ১০ দিন অবরোধ চলার পর আগামীকাল রবিবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য কর্মসূচি শিথিল করা হচ্ছে। সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে অবরোধকারীরা। তবে এই সময়ের পর আবারও অনির্দিষ্টকালের অবরোধ চলবে।
গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
সড়কে গাছ ফেলে আগুন, জোরদার নিরাপত্তা
অবরোধের সমর্থনে সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন দেয় অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়।
অবরোধকারীদের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ মানুষের মৌলিক প্রয়োজন বিবেচনায় আগামী ১ নভেম্বর এক দিনের জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই শিথিলতা সাময়িক। এরপর পূর্বঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আবারও চলবে।
যোগাযোগ ও পণ্য সরবরাহে ভোগান্তি
তিন দফা দাবিসহ বিভিন্ন দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় এই অবরোধ চলছে। এর ফলে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। পর্যটন ব্যবসা, স্থানীয় মানুষের যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে ভোগান্তি তৈরি হয়েছে। অবরোধের কারণে স্থানীয় বাসিন্দাদের খাদ্য ও ওষুধ সরবরাহ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন:







