শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

মহেশপুরে চায়ের দোকানে মিলল ৬১ বোতল সিরাপ

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১০:৪২

আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ ১০:৫৪

শেয়ার

মহেশপুরে চায়ের দোকানে মিলল ৬১ বোতল সিরাপ
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ৬১ বোতল অবৈধ মাদকদ্রব্য ESKuf সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চায়ের দোকান মালিক জুয়েল রানাকে এজাহারনামীয় আসামি করে অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।

শুক্রবার বিকেলে মহেশপুর উপজেলার ৭ নম্বর কাজিরবেড় ইউনিয়নের সামস্তা বাজারের ষাটনলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল জুয়েল রানার চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দোকানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দোকানটি তল্লাশি করে ক্যাশ বক্সের নিচের ড্রয়ারে লুকিয়ে রাখা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ৬১ বোতল ESKuf সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৬ হাজার ১০০ মিলিলিটার সিরাপ ছিল। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৩ হাজার টাকা।

এ ঘটনায় জুয়েল রানা, পিতা জহর আলী, সাং সামস্তা (ঘাটনলপাড়া), থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ এবং অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ৫৩, তারিখ ৩০ অক্টোবর ২০২৬।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমরান আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।