ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে ফেরা নারীরা হলেন সাবিনা বেগম (২০), নুরবানু (১৯), টুম্পা বেগম (১৮), হালিমা খাতুন (২২), তন্বী আক্তার (১৯), মুন্নি আক্তার (১৭), জান্নাতি খাতুন (১৮), সামিয়া আক্তার (১৮), শিরিনা খাতুন (১৯) ও সুমি খাতুন (২৩)। তাদের বাড়ি নড়াইল, যশোর ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।
দালালের মাধ্যমে ভারতে গিয়ে আটক
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রায় চার বছর আগে দালালের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই নারীরা। পরে তারা মহারাষ্ট্রের পুনে শহরে গিয়ে বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন।
ভারতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে দেশটির একটি আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দেন। তাদের পুনের একটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আইনি প্রক্রিয়া শেষে দেশে প্রত্যাবর্তন
সাজার মেয়াদ শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। পরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠায়।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার রাত ১১টার দিকে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের যশোরে নিজেদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন:







