শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি বিএনপি নেতা কবীর আহমেদের

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৫

শেয়ার

তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি বিএনপি নেতা কবীর আহমেদের
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এই তিন জেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে দলটির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।

শুক্রবার রাতে তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব ও দাবি জানান। প্রস্তাবিত এই নতুন বিভাগের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থাপনের জোর সুপারিশ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে কবীর আহমেদ ভূঁইয়া উল্লেখ করেন, প্রস্তাবিত এই তিন জেলার প্রায় ৮৯ লাখ মানুষের প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা, আঞ্চলিক বিকাশ এবং অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন বিভাগ গঠন অত্যন্ত যৌক্তিক।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে তিনি জানান, কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। তিন জেলা মিলিয়ে মোট জনসংখ্যা দাঁড়ায় প্রায় ৮৯ লাখ ৩৩ হাজার ৭১ জন। প্রস্তাবিত বিভাগে মোট ৩১টি উপজেলা অন্তর্ভুক্ত থাকবে, যার সম্মিলিত আয়তন আনুমানিক ৭ হাজার ২০০ বর্গকিলোমিটারের বেশি।

নতুন বিভাগ গঠনের পক্ষে অর্থনৈতিক যুক্তি তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের প্রাকৃতিক গ্যাস, চা বাগান ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও আখাউড়া স্থলবন্দরকে এক সুতোয় গাঁথা গেলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব।

ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগীয় সদর দপ্তর করার কারণ হিসেবে তিনি ঢাকা-চট্টগ্রামের সাথে রেল ও সড়ক যোগাযোগ, আশুগঞ্জ নদীবন্দর এবং আখাউড়া স্থলবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর কথা উল্লেখ করেন।

তিনি মনে করেন, এটি বাস্তবায়িত হলে তিন জেলার বাসিন্দারা সহজে বিভাগীয় প্রশাসনিক সেবা পাবেন। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রস্তাবনায় তিনি আরও স্পষ্ট করেন, বিভাগ গঠনের ক্ষেত্রে তিন জেলার সমান মর্যাদা ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে যেন কোনো জেলা অবহেলিত না থাকে। নিজের এই মতামতকে একজন সচেতন নাগরিকের প্রস্তাব হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই দাবির বিষয়ে অন্যদের ভিন্নমতও থাকতে পারে।