সাজেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের সুবিধার্থে আগামী রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল করা হচ্ছে সড়ক অবরোধ। এদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিল থাকলেও সন্ধ্যা ৬টার পর থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি ও ভিডিও বার্তায় এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠন দুটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী রবিবার দিনের বেলায় অবরোধ কর্মসূচি শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময় শেষে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ আবারও কার্যকর হবে।
এদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে যথাযথভাবে কঠিন চীবর দানানুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থাও রাখা হয়েছে। এ বিষয়ে ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সাজেক ও আশপাশের এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের অবস্থান এবং স্থানীয়দের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তাদের সরিয়ে নেয়ার দাবিতে গত ১১ অক্টোবর থেকে সড়ক অবরোধ শুরু করে সংগঠন দুটি। কয়েক দফায় কর্মসূচি পরিবর্তনের পর বর্তমানে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ চলছে। শুক্রবার পর্যন্ত এ কর্মসূচির নবম দিন অতিবাহিত হয়েছে।
আরও পড়ুন:







