সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেছেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। অসহায় ও দুস্থ ব্যক্তিদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। স্বেচ্ছাসেবীরা যেসব মানবিক ও কল্যাণমূলক কাজ করছেন, সেগুলো অনলাইনে প্রচার করা হলে অন্যরাও ভালো কাজে অনুপ্রাণিত হবেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সিরাজগঞ্জে যমুনা নদীতীরের ৩ নম্বর ক্রসবার বাঁধে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের বার্ষিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবীদের তালিকা তৈরির উদ্যোগ
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে দেশকে এগিয়ে নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবী ব্যক্তি ও সংগঠনগুলোর তালিকা তৈরির লক্ষ্যে ভালো কাজের ভালো মানুষ নামের কর্মসূচি প্রণয়নের কথা জানিয়েছেন। এ উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনাকারীদের তালিকা প্রস্তুত করা হবে।
তিনি বলেন, ভালো কাজের জন্য সবাইকে সহায়তা করা হবে। জেলার যেকোনো ভালো ও মানবিক উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি সম্মিলিত জেলা স্বেচ্ছাসেবী পরিষদের একজন সদস্য হওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
এ সময় সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশন, ভয়েস অব কাজিপুর, র. ই. মানিক চিত্রপুরী, সুখ পাখি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বাঁধনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে মানবিক কাজ পরিচালনাকারীদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
মানবিক কাজের স্বীকৃতি দেওয়ার আহ্বান
রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার।
বিশেষ অতিথির বক্তব্যে গণপতি রায় আয়োজক কমিটিকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সিরাজগঞ্জে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সবাইকে ভালো কাজে উৎসাহিত হওয়ার এবং বিনয়ী থাকার আহ্বান জানান।
হাজী আব্দুস সাত্তার বলেন, মহান আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। ভালো কাজ করলে পরকালে তার ভালো ফল পাওয়া যাবে। এই প্রত্যয় নিয়েই আব্দুস সাত্তার ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কাজ এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সম্মিলিত জেলা স্বেচ্ছাসেবী পরিষদের নেতৃত্ব নির্বাচন
সভা শেষে সম্মিলিত জেলা স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি পদে রফিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক পদে মামুন বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ রজবকে নির্বাচিত করা হয়।
আরও পড়ুন:







