বগুড়ার শেরপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে আসামি করে পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ও রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের লক্ষীকোলা এবং দুবলাগাড়ী গ্রামে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার একই দিন রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার দুবলাগাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
শেরপুর থানার এসআই মো. জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে নজরুল ইসলামের নিজ বসতবাড়ির বারান্দা থেকে তাঁকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নজরুল ইসলাম দুবলাগাড়ী গ্রামের মো. শামসুল ইসলাম শেখের ছেলে।
এ ঘটনায় শেরপুর থানায় মামলা নম্বর-৩৯, তারিখ ৩০ অক্টোবর ২০২৬। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে বিকেলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএমের নির্দেশে এসআই খোকন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুসুম্বী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লক্ষীকোলা মৌজায় অভিযান চালান। এ সময় নন্দীগ্রাম উপজেলার চক রামপুর গ্রামের মো. সিদ্দিক হোসেনের পানি সেচ ঘরের বারান্দা থেকে ফেলে যাওয়া অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্টরা পালিয়ে যান।
এ ঘটনায় নন্দীগ্রাম উপজেলার চক রামপুর গ্রামের আলহাজ আজিমুদ্দিনের ছেলে সিদ্দিক হোসেন এবং একই উপজেলার মুরাদপুর গ্রামের শ্রী চিমনের ছেলে শ্রী সুব্রতকে আসামি করে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







