নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। এসব ব্যাংকের হিসাবে ৫৫ লাখ ৯২ হাজার ২২০ টাকা রয়েছে। এর আগে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এসব আবেদন করেন।
আবেদনে বলা হয়, শামীমা আক্তার শিরিন (৫৬) তার স্বামী মো. ছলিম উদ্দিন তরফদারের (৫৭) সহায়তায় পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেন। তারা পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
আবেদনে আরও বলা হয়, আসামি শামীমা আক্তার শিরিন ও মো. ছলিম উদ্দিন তরফদার অ্যাকাউন্টের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:







