বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

বারিধারায় নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামিন পেল সেই কিশোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৮:০৭

শেয়ার

বারিধারায় নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামিন পেল সেই কিশোর
ছবি সংগৃহীত

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় গাড়ির চালকের আসনে থাকা ১৭ বছর বয়সী কিশোর জামিন পেয়েছে। বৃহস্পতিবার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

অসুস্থতার কথা জানিয়ে জামিন আবেদন

আদালতে কিশোরের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী খোরশেদ মিয়া আলম। শুনানিতে তিনি জানান, কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক থাকা অবস্থায় ওই কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এ বিবেচনায় তার জামিন প্রার্থনা করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৪ অক্টোবর কিশোরের জামিন আবেদন নাকচ করেন আদালত। ওই সময় বিচারক বলেছিলেন, এ ঘটনায় সে দ্রুততম সময়ে বের হয়ে গেলে সমাজের জন্য নেগেটিভ ম্যাসেজ যাবে।

কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ

গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। সেদিন তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরেফীন ইসলাম তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

যেভাবে প্রাণ হারান নির্মাণ শ্রমিক

গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসানকে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়ির চালকের আসনে থাকা কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় নিহত মেহেদী হাসানের ভাই মোক্তাদীর ইসলাম গত ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন।