শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এসে হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কবর জিয়ারত করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
বুধবার রাতে অপ্রতিমের কবর জিয়ারত করেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীরা।
এ বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, “অপ্রতিম আমাদের সন্তান। তার এমন নৃশংসভাবে চলে যাওয়া আমাদের ব্যথিত করেছে, আমাদের অন্তর কাঁদিয়েছে। একই সঙ্গে এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির দিকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমরা আসলে কতটা অনিরাপদ, সাধারণ মানুষ কতটা অসহায়!”
তিনি আরও বলেন, “আমরা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যারও বিচার চাই। আর কেবল বিচার নয়, ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আমাদের দিকে নজর দিন। সাত থেকে সত্তর, আমরা কেউই নিরাপদ নই।”
কবর জিয়ারতের প্রসঙ্গে জাবের বলেন, “আপনারা জানেন, আমরা সারা দেশে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসেবে কুমিল্লায় এসে অপ্রতিমের কবর জিয়ারত করেছি। আমরা আরও আগে আসতে পারলে ভালো লাগত। আমরা অপ্রতিমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”
উল্লেখ্য, ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। গত ১৮ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। পরদিন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ২০ সেপ্টেম্বর কোটবাড়ির গন্ধমতি বড় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চার আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক দুজন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং অপ্রাপ্তবয়স্ক দুজন গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।
আরও পড়ুন:






