বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

শেরপুর সীমান্তে আট লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১১:৪৯

শেয়ার

শেরপুর সীমান্তে আট লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক
ছবি: বাংলা এডিশন

‎শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবলাকোনা এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

‎বিজিবি সূত্রে জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করতে সক্ষম হয়।

‎আটক করা কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।

‎ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

‎সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।