বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের জালে ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১১:২৮

আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ ১১:২৯

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের জালে ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র, মারামারি ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলার আসামি রুবেল ওরফে দুখু -কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুখু শহরের শেরপুর গ্রামের মো. হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুখুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারটি, চুরির একটি, অস্ত্র আইনে একটি, মারামারি ও বিস্ফোরক আইনে একটি, মারামারির আরেকটি, সি.আর. (নালিশি) মামলা একটি এবং অন্যান্য অভিযোগে আরও কয়েকটি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, দুখুকে এর আগেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হওয়ার পর আবারও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বাংলা এডিশনকে বলেন, স্থানীয় লোকজনের মারধরে আহত অবস্থায় দুখুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওসি বলেন, দুখু পুরো শহরজুড়েই ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও শহর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।