ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে মো. রানা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার মহেশপুর থানাধীন বজরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নেশাগ্রস্ত অবস্থায় গোলমাল সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত রানাকে মহেশপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রানা মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







