ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় স্বামীর মৃত্যুর খবর শোনার পরপরই স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার সকালে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া ব্যক্তি হলেন স্থানীয় বাসিন্দা মো. আলিম উদ্দিনের দ্বিতীয় ছেলে মোহাম্মদ আলী ওরফে মুহাম মিস্ত্রি (৬০)। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পরপরই স্ত্রী সেলিনা বেগমের (৪৫) মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুহাম মিস্ত্রি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে তিনি তিনবার স্ট্রোক করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। গত পরশু তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সকালে তাঁর স্ত্রী সেলিনা বেগম এক আত্মীয়ের বাড়িতে যান। পরে স্বামীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তাঁর কাছে ছুটে যান। সেখানে পৌঁছানোর পর স্বামীর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই সেলিনা বেগম দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটিতে পড়ে যান। পরে তাঁরও মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত মুহাম মিস্ত্রি ও সেলিনা বেগম তিন মেয়ে ও দুই ছেলেসন্তানের জনক-জননী। একই দিনে বাবা-মাকে হারিয়ে সন্তানদের পাশাপাশি শোকাহত হয়ে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।
দেলোয়ার জানান, বুধবার মাগরিবের নামাজের পর বন্দগোয়ালীয়া পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বামী-স্ত্রীর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাঁদের বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হবে।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি তাঁরা শুনেছেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। তবে অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:







