ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ বোতল এসকাফ সিরাপসহ ঝর্ণা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানাধীন পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ঝর্ণা বেগম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাজীপাড়া, দরগা মহল্লার বাসিন্দা। তাঁর স্বামীর নাম রবিউল আওয়াল। বাবার নাম মৃত আবু বকর সিদ্দিক এবং মায়ের নাম মৃত জহুরা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা থেকে ১:৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ঝর্ণা বেগমকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক রবিউল হাসনাত বাদী হয়ে গ্রেপ্তার নারীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকমুক্ত সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আরও পড়ুন:







