চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর সাংবাদিকদের নিয়ে অশালীন বক্তব্য, নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যা এবং দোয়ারাবাজারের সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদের (সিসকপ) আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সুনির্মল সেন। সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী সিলেটের বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট ব্যুরো প্রধান মোশাররফ হোসেন খান অমিত, দৈনিক কাজিরবাজারের বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী, সাপ্তাহিক বিশ্বমিডিয়ার সিলেট ব্যুরো প্রধান আলমগীর হোসেন শাহীন, দৈনিক বাংলার মুক্তাঙ্গনের তুষার চৌধুরী, দৈনিক বিকাল বার্তার সিলেট ব্যুরো প্রধান আব্দুল আলিম রানা, দৈনিক প্রলয়ের সিলেট প্রতিনিধি আব্দুর রাজ্জাক শাওন, বিশ্বমিডিয়ার প্রতিনিধি জয়দ্বীপ চক্রবর্তী, সিলেট বুলেটিনের সম্পাদক ও জাতীয় দৈনিক আইন বার্তার সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিনিধি মঈন উদ্দিন, দৈনিক প্রভাত বেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ফখর উদ্দিন, দৈনিক নাগরিক ভাবনার তৌফিকুর রহমান হাবিব, কবি কামাল আহমদ, দৈনিক সোনালী সিলেটের শাহিন আহমদ ও আব্দুল ওয়াহিদ, সাংবাদিক মিজানুর রহমান, উজ্জ্বল আহমদ এবং জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াজ মাহফিলের বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর মতো একজন ব্যক্তির কাছ থেকে সাংবাদিকদের নিয়ে এমন কটূক্তি অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। এতে পুরো সাংবাদিক সমাজ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এনায়েত উল্লাহ আব্বাসীকে তাঁর এই বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এছাড়া বক্তারা অবিলম্বে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধ করা এবং সাংবাদিক নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
আরও পড়ুন:







