মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

খুলনার বটিয়াঘাটায় প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা

জিসান কবিরাজ, খুলনা

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২০:০১

শেয়ার

খুলনার বটিয়াঘাটায় প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে যুবদলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খুলনা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাদলকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে।

তিনি ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।