মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

কৃষিনীতিতে কৃষকের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করার দাবি

শফিক খাঁন,ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৫:৪৭

শেয়ার

কৃষিনীতিতে কৃষকের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করার দাবি
ছবি: বাংলা এডিশন

কৃষককে বাদ দিয়ে কৃষির উন্নয়ন নয়—উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কৃষিনীতির সিদ্ধান্ত গ্রহণে প্রকৃত কৃষকদের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দীন ফরাজী ভোলার চরাঞ্চলে নিজের শসাখেতে কাজ করার সময় বাংলা এডিশনকে বলেন, কৃষির সমস্যা মাঠে, তাই কৃষিনীতির সিদ্ধান্তও নিতে হবে কৃষকের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে।

তিনি বলেন, কৃষি পরিকল্পনা, বাজেট নির্ধারণ, সার-বীজের মূল্য, কৃষিঋণ ও ফসলের ন্যায্যমূল্য নির্ধারণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধু নামমাত্র প্রতিনিধিত্ব নয়, সিদ্ধান্ত গ্রহণেও কৃষকদের মতামতের প্রতিফলন থাকতে হবে।

শাহাবুদ্দীন ফরাজীর অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে। একইভাবে কীটনাশকের মূল্য নিয়েও বৈষম্যের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম বন্ধে বাজার তদারকি জোরদার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে শাহাবুদ্দীন ফরাজী বলেন, এসি রুমে বসে কৃষকের ভাগ্য নির্ধারন নয়, কৃষকদের সাথে মাঠে বসেই কৃষিনিতীর সিদ্ধান্ত নিতে হবে।