গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুর চালান বলে জানা গেছে। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়মুখী লেন অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের যাত্রীরা।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশও আসছে।
আরও পড়ুন:







