মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সাজেক সড়কে ষষ্ঠ দিনের অবরোধ, বৈঠকেও মেলেনি সমাধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৩:০৬

শেয়ার

সাজেক সড়কে ষষ্ঠ দিনের অবরোধ, বৈঠকেও মেলেনি সমাধান
ছবি সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সড়কে টানা ষষ্ঠ দিনের মতো অবরোধ চলছে। প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে সংকটের সমাধান না হওয়ায় পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।

গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ শুরু হয়। তবে সড়কে অবরোধের সমর্থনে কোনো পিকেটারকে অবস্থান করতে দেখা যায়নি। অন্যদিকে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল।

পাঁচ দফা দাবি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক

সাজেকে সৃষ্ট সংকট নিরসনে সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে পৌনে ৬টা পর্যন্ত উপজেলার সাজেক ইউনিয়নের উজো বাজারে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়। এতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন। তবে বৈঠকে কোনো সমাধান আসেনি।

সোমবার রাত ৮টার দিকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে বৈঠক-পরবর্তী সিদ্ধান্ত জানান সংগঠনটির আহ্বায়ক বাবুধন চাকমা। সরকার তাদের পাঁচ দফা দাবি পুরোপুরি মেনে না নেওয়ায় অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

বাবুধন চাকমা জানান, পাঁচ দফা দাবির মধ্যে চারটি মেনে নেওয়ার কথা জানিয়েছে সরকার। তবে তাদের মূল দাবি হলো সন্তু লারমার সশস্ত্র গ্রুপকে এলাকা থেকে সরিয়ে দেওয়া। এ দাবি বাস্তবায়নে সরকার প্রথমে এক মাস সময় চেয়েছিল। আন্দোলনকারীরা তিন দিন সময় দিতে রাজি হলেও পরে সরকার ৫ নভেম্বর পর্যন্ত সময় চায়। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা আরও পাঁচ দিন সময় দিতে সম্মত হন।

তবে সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ আশ্বাস না পাওয়ায় তারা অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাবুধন চাকমা।

আলোচনার সুযোগ খোলা রাখার ঘোষণা

বাবুধন চাকমার অভিযোগ, সরকার চাইলে এক দিনের মধ্যেই সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সরকারের ইতিবাচক মনোভাবের অভাবে বিষয়টি নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলে তাদের মনে হয়েছে।

তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। তবে সরকার আবারও আলোচনায় বসতে চাইলে তারা তাতে রাজি আছেন।