গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লাগা এ আগুন আশপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
গাজীপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ধারাবাহিকতা
এর মাত্র দুই দিন আগে গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টনের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এরও এক সপ্তাহ আগে কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
এ ছাড়া গত ১৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:







