রাঙামাটির সাজেকে টানা অবরোধ, পর্যটনকেন্দ্র বন্ধ এবং উজোবাজারে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর স্থায়ী শান্তি ফেরাতে বৈঠকে বসেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবরোধকারী দুই সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে উজোবাজারে এ বৈঠক চলছে।
সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র সদস্যদের প্রত্যাহারের দাবিতে গত ১১ অক্টোবর থেকে দফায় দফায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। সর্বশেষ ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হলে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় সাজেক পর্যটনকেন্দ্রও।
এতে সাজেকে আটকা পড়েন কয়েক হাজার পর্যটক। ২২ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় পর্যটকদের খাগড়াছড়িতে ফিরিয়ে নেয়ার সময় উজোবাজার এলাকায় অবরোধকারীদের বাধার মুখে পড়ে পর্যটকবাহী গাড়িবহর। একপর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
এমন পরিস্থিতিতে সংকট নিরসনে বৈঠকে বসেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান এবং রাঙামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিব।
বৈঠকে অবরোধের অবসান, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাজেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন:







