ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. শাহিন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। রবিবার রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া উত্তরপাড়ার একটি লিচুবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
সোমবার এসআরবি-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নলগড়িয়া উত্তরপাড়ার একটি লিচুবাগানের ভেতরে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা খয়েরি রঙের একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহিন মিয়া বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে।
এসআরবি-৯-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং উদ্ধার করা মাদকদ্রব্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে এসআরবি-৯। মাদকবিরোধী গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:







