টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শালিকার সঙ্গে সম্পর্ক এবং পরে প্রথম স্ত্রীর সম্মতিতে তাঁর ছোট বোনকে বিয়ে করার ঘটনা আলোচনায় আসার পর মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার। ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মাসুদ রানা একজন আইনজীবী সহকারী ও টিকটকার।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসুদ রানাকে সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ কারণে মক্কেল ও সর্বসাধারণকে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম কিংবা দাপ্তরিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে তাঁর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেরেস্তার নাম ব্যবহার করে মাসুদ রানার সঙ্গে কোনো অননুমোদিত যোগাযোগ বা আর্থিক লেনদেনের ফলে সৃষ্ট কার্যক্রমের দায় সেরেস্তা কিংবা সেখানে কর্মরত কেউ নেবেন না।
প্রথম স্ত্রীর সম্মতিতে শালিকাকে বিয়ে
সম্প্রতি মাসুদ রানার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিজের শালিকাকে নিয়ে অশালীন অঙ্গভঙ্গিসংবলিত টিকটক ভিডিও প্রকাশ করে আসছিলেন। এর মধ্যে গত ২৫ অক্টোবর শালিকাকে বিয়ে করার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলায় মাসুদ রানা ও তাঁর স্ত্রী মৌসুমীর দাম্পত্য জীবন রক্ষার বিষয়কে কেন্দ্র করে মৌসুমীর ছোট বোন পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ের ঘটনা সামনে আসে। গত ২৪ অক্টোবর তাঁর ভাড়া বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরদিন তাঁদের বিয়ে হয় বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে মাসুদ রানা জানান, শালিকার অন্য কোথাও বিয়ে হলে তাঁর সঙ্গে আগে করা ভিডিওগুলোর কারণে তাঁকে হেনস্তার শিকার হতে হতো। এ কারণে প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় তিনি শালিকা পূর্ণিমাকে বিয়ে করেছেন বলে দাবি করেন।
একসঙ্গে দুই বোনকে বিয়ে নিয়ে শরিয়তের বিধান
ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের জন্য স্ত্রী ও তাঁর বোনকে একই সময়ে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
এ বিষয়ে মাওলানা রেজাউল করিম বলেন, আল্লাহ যা হারাম ঘোষণা করেছেন, তা নিষিদ্ধ। একই সময়ে দুই বোনকে বিয়ে করে সংসার করার সুযোগ নেই। তবে স্ত্রী মারা গেলে বা তালাক দিলে তাঁর বোনকে বিয়ে করা যেতে পারে বলে তিনি জানান।
এসব ঘটনা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুদ রানাকে সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে আইনজীবী শাহীন কাদির ডলারের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:







