কুমিল্লার মুরাদনগরে একই নারীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের জেরে মামা মাসুদ মিয়াকে (৪০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাগিনা মিলন মিয়া ওরফে শিপনের (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কোড়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের দাবি, একই নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে মামা-ভাগিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই মাসুদ মিয়াকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ স্বজনদের।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রবিবার (২৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন:







