রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য ও সিএনজি জব্দ

রোবেল আহমেদ তানভীর, কুমিল্লা

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৯:৫৯

শেয়ার

কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য ও সিএনজি জব্দ
ছবি: বাংলা এডিশন

কুমিল্লায় বিশেষ অভিযান ও সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য এবং একটি সিএনজিসহ একজনকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ অক্টোবর কুমিল্লা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খাঁনের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রেন থেকে বিপুল পরিমাণ বাজি, বাসমতি চাল, ডেরোবিন ক্রিমসহ বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এক আসামিসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, খাদ্যসামগ্রী, উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৩০ লাখ ৬১ হাজার ১৮০ টাকা।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় রসুলপুর রেলওয়ে স্টেশনসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৬০ লাখ ৯৩ লাখ ১৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটককৃত মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল ও অন্যান্য সামগ্রীর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।