রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

নেত্রকোনার আটপাড়ায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

মোঃ আরিফুল ইসলাম, নেত্রকোনা

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৯:৪০

শেয়ার

নেত্রকোনার আটপাড়ায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ
ছবি: চুন্নু খান

নেত্রকোনার আটপাড়ায় দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে স্থানীয় একটি এমপিওভুক্ত নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চুন্নু খানের বিরুদ্ধে।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক। অভিযোগের পর চুন্নু খান নিজেকে উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য দাবি করলেও স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেছেন, দলের কোনো পদ তো দূরের কথা, চুন্নু খানের সাধারণ সদস্যপদও নেই।

শনিবার চুন্নু খান ও সাংবাদিক ইবাদ হোসেনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইবাদকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। তবে চুন্নু খানের দাবি, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তিনি কাউকে হুমকি দেননি। তাঁর অভিযোগ, ইবাদ তাঁর এক আত্মীয়ের জমি দখল করে রাস্তা নির্মাণ করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলা সদরের পোস্ট অফিস রোড এলাকায় ইবাদসহ ৮ থেকে ১০টি পরিবার প্রায় ১৪-১৫ বছর ধরে একটি রাস্তা ব্যবহার করছে। চলাচলের সুবিধার্থে সাত-আট বছর আগে পরিবারগুলো মিলে এক শতক জমিও কেনে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তাটিতে ইটের সলিং করে। পরে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হলে চুন্নু খানসহ কয়েকজনের বিরুদ্ধে রাস্তাটি বন্ধ করে দেয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হলে আদালত রাস্তাটির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। অভিযোগ, এরপরও রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। এতে পরিবারগুলো প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ থাকে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে রাস্তা খুলে দেয়া হয়।

ইবাদ হোসেনের অভিযোগ, রাস্তা খুলে দেয়ার পর থেকে চুন্নু খান তাঁকে প্রাণনাশের হুমকি ও গালাগাল করছেন। একই সঙ্গে সামরিক বাহিনীতে কর্মরত তাঁর ছোট ভাইকে চাকরিচ্যুত করার হুমকিও দেয়া হচ্ছে। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ২০ অক্টোবর তিনি থানায় অভিযোগ করেন।

ইবাদ হোসেনের প্রতিবেশী কামরুল হাসান রবিন, খায়রুল কবির ও সুমন ভূঁইয়া বলেন, চলাচলের জন্য তাঁরা যৌথভাবে জমি কিনেছেন। এরপরও প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছে। আইনের আশ্রয় নেয়ার পর এখন হুমকি দেয়া হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

এ বিষয়ে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘একজন সাংবাদিককে হুমকি দেয়া কোনোভাবেই কাম্য নয়। তাঁকে ন্যায়বিচার পেতে আশ্বস্ত করেছি এবং সব ধরনের সহযোগিতা করা হবে।’ চুন্নু খানের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের কোনো পদে নেই তিনি। এমনকি বিএনপির সাধারণ সদস্যও নন।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহাম্মদ বলেন, অডিওটি এখনো শোনেননি। তবে একজন শিক্ষকের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে চুন্নু খান দাবি করেন, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে উপজেলা বিএনপিতে তাঁর পদ সম্পর্কে জানতে চাইলে ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, রাস্তা বন্ধের ঘটনায় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে সেটি খুলে দেয়া হয়েছে। হুমকির ঘটনায় ইবাদ হোসেন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।