চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালু উত্তোলন মেশিন ও পাইপ জব্দ করেছে বন বিভাগ। উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বটতলী ঝুমপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ড থেকে এসব সরঞ্জাম জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের নেতৃত্বে পুঁইছড়ি ও নাপোড়া বিটের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করে পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট অফিসের হেফাজতে নেয়া হয়।
অভিযানে পুঁইছড়ি বিটের ফরেস্ট গার্ড মো. জুয়েলুর রহমান, নাপোড়া বিটের ফরেস্ট গার্ড মো. শওকত উল্লাহ চৌং, ড্রেসার মো. দিদারুল আলম এবং স্থানীয় ভিসিএফের (ভিলেজ কনজারভেশন ফোরাম) সদস্যরা অংশ নেন।
বন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বন বিভাগ।
আরও পড়ুন:







