রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সাজেকের অবরোধ নিরসনে মধ্যস্থতার উদ্যোগ, নেতৃত্বে ওয়াদুদ ভূইয়া

আশরাফুল রনি,পার্বত্য চট্টগ্রাম

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৩:৪৮

শেয়ার

সাজেকের অবরোধ নিরসনে মধ্যস্থতার উদ্যোগ, নেতৃত্বে ওয়াদুদ ভূইয়া
ছবি: বাংলা এডিশন

সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে অবরোধকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটির প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে একটি যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব উঠেছে। প্রস্তাবিত দলটির নেতৃত্বে থাকার কথা খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার।

শনিবার সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ব্যবসায়ীদের ভোগান্তি এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

সেনা রিজিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংকট সমাধানে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার উদ্যোগ নেয়ার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পাশাপাশি খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

সভায় উঠে আসে, বেশ কয়েকদিন ধরে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ ও একই সঙ্গে স্থানীয়দের মধ্যে জমে ওঠা ক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা নিয়েও উদ্বেগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অবরোধ চলাকালীন সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তোলা হয়েছে। সাধারণ মানুষের চলাচল ব্যাহত করা এবং আন্দোলনকারীদের নাশকতামুলক কর্মকাণ্ডে প্রকাশ্যে সমর্থন দেয়ায় সংগঠনটিকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়টি আলোচনায় আসে।