রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

গরুর মাংসের নামে ঘোড়ার মাংস, কসাইয়ের জেল

জিসান কবিরাজ,খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ০৯:৪৬

শেয়ার

গরুর মাংসের নামে ঘোড়ার মাংস, কসাইয়ের জেল
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আনিচুর রহমান পলাশ নামে এক কসাইকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আনিচুর রহমান পলাশ উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার প্রয়াত লুৎফর দফাদারের ছেলে। পেশায় মাংস বিক্রেতা পলাশ আঠারো মাইল বাজারসহ বিভিন্ন হাটবাজারে গরুর মাংস বিক্রি করতেন। স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরেও মাংস সরবরাহ করতেন তিনি। তবে এই ব্যবসার আড়ালে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস সরবরাহের অবৈধ কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রায় সাত থেকে আট মাস ধরে তিনি এ কার্যক্রম চালিয়ে আসছিলেন।

বিষয়টি জানতে পেরে খুলনা স্পেশাল রেসপন্স বাহিনী (এসআরবি)-৬ তদন্ত ও অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে আনিচুরের খামারে তিনটি রোগা ঘোড়া জবাই করা হয়। পরে শ্রমিকদের দিয়ে সেগুলোর মাংস কাটা ও প্যাকেটজাত করার কাজ চলছিল।

এমন খবরের ভিত্তিতে শনিবার ভোরে খামারটিতে অভিযান চালান এসআরবি-৬-এর সদস্যরা। এ সময় ঘোড়ার মাংস ও হাড়গোড়সহ আনিচুর রহমান পলাশকে আটক করা হয়।

পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দীর্ঘ শুনানি শেষে প্রাণীসম্পদ সংরক্ষণ ও প্রতারণার অপরাধে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার জায়েনুদ্দীন মোহাম্মদ জাহিদ। তিনি জানান, অসাধু ব্যবসায়ী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।