ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ জালাল উদ্দিন ভূঁইয়া (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী মধ্যপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন ভূঁইয়া ওই এলাকার মৃত মফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে বিজয়নগর থানাধীন কদমতলী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ইকরতলী মধ্যপাড়া এলাকার একটি বসতবাড়িতে মাদকদ্রব্য কেনাবেচার তথ্য পায় আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তাঁর হেফাজতে এসকাফ সিরাপ থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো মতে বাড়ির টিনশেড রান্নাঘরে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৬৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এসআরবির দাবি, গ্রেপ্তার ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ও উদ্ধার করা আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।
আরও পড়ুন:







