শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

শেরপুরের শ্রীবরদীতে ২৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, ভ্যানচালক গ্রেপ্তার

‎জান্নাতুল বাকী, শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২১:০৭

শেয়ার

শেরপুরের শ্রীবরদীতে ২৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, ভ্যানচালক গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

‎শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ২৪ লাখ ৪১ হাজার ১৬০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল। এ সময় মো. শাহিনুর রহমান নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি ব্যাটারিচালিত অটোভ্যান, একটি পরিত্যক্ত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎শনিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রীবরদী থানার তাতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকায় পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্তপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনী চোরাচালানের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ভ্যানটিতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ হাজার ৩৪২ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। এসব প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪১ হাজার ১৬০ টাকা।

‎উদ্ধার করা প্রসাধনীর মধ্যে রয়েছে ৫ হাজার ২৭০ পিস গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি প্লাস সিরাম ক্রিম এবং ৩ হাজার ৭২ পিস জনসনস বেবি ফেস অ্যান্ড বডি ক্রিম।

‎‎অভিযান চলাকালে অটোভ্যানটিকে পাহারা দিয়ে নিয়ে আসা আরও দুই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় ভ্যানচালক শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর হেফাজত থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় পলাতক হিসেবে উজ্জল (২৭) ও মো. আলমাছের (৩৬) নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বাড়ি শেরপুর জেলায় বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।