শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৭:৩২

শেয়ার

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে মো. গোলাম রব্বানী (৩৩) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পুলিশ সদর দপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গাড়িতে থাকা অন্য আরোহীরা আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকামুখী লেনে ছোনকা ওভারপাসের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। তাঁকে বহনকারী ব্যক্তিগত জিপ গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৮০৭) ছোনকা ওভারপাসের সংযোগস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির পেছনের আসনে থাকা গোলাম রব্বানী ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাড়িতে থাকা অন্য আরোহীরা আহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের সঙ্গে থাকা পুলিশের দাপ্তরিক পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।