গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কিছু সময় আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান। এ সময় গাড়ির কাচ ভাঙচুর করা হয়। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে বলা যাচ্ছে না।
আরও পড়ুন:







