নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় নারীদের এবং বেলা ১১টায় পুরুষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে আগামী ২০২৭-২০২৮ কার্যকালের জন্য জেলা আমির নির্বাচনে সদস্যদের মতামত নেয়া হয়।
নওগাঁ জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, বর্তমান সরকার এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। এখনই সরকারের পতনের দাবি উঠতে শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। ফ্যাসিবাদের কবর হয়েছে বাংলার মাটিতে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দলবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ক্ষেত্রে ব্যর্থ হলে জনগণ অতীতের মতোই এই সরকারকে শিক্ষা দেবে।
জামায়াতের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মেধা, নৈতিকতা, যোগ্যতা ও তাকওয়ার সমন্বয়ে সমাজ পরিচালনার নেতৃত্ব দেয়ার জন্য সদস্যদের প্রস্তুতি নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইঞ্জিনিয়ার ইনামুল হক এমপি, জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার মেয়র পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট এএসএম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, নাজমুল হোসাইন, মারুফ আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন:







