শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা। এ ঘটনায় আটক দুজনের পাশাপাশি পলাতক আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জামতলা কলনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
অভিযানে গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মোঃ সুলতান মাহমুদ এবং কালো গাজীর ছেলে মিস্টার আলীকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দ করা মদ সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আটক দুইজন এবং পলাতক আরও তিনজনের বিরুদ্ধে শেরপুরের ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
৩৯ বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বাহিনীটি। সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আরও পড়ুন:







