শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ; স্বামী গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২৩:২১

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ; স্বামী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পলাতক স্বামী নারায়ণ দেবনাথকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের দাবিকে কেন্দ্র করে উষা দেবনাথ (৩৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামী নারায়ণ দেবনাথকে (৪৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার একটি এলাকায় এসআরবি-৯ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারায়ণ দেবনাথ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ (ভাটপাড়া) এলাকার মৃত বিনোদ বিহারী দেবনাথের ছেলে।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ১৮ থেকে ১৯ বছর আগে উষা দেবনাথের সঙ্গে নারায়ণ দেবনাথের বিয়ে হয়। তাঁদের সংসারে ১৭ ও ৬ বছর বয়সী দুই ছেলে রয়েছে। তাঁরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে উষার মায়ের বাড়িতে বসবাস করতেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিয়ের পর থেকেই নারায়ণ নিয়মিত কাজকর্ম না করে বিভিন্ন সময়ে স্ত্রী ও তাঁর ভাইয়ের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে উষাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।

মামলার এজাহার ও এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাবার খেয়ে উষা ও তাঁর স্বামী ঘুমাতে যান। ওই রাতে দোকান করার জন্য নারায়ণ তাঁর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পাশাপাশি স্ত্রীর ভাইয়ের কাছ থেকে টাকা এনে দিতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। পাশের ঘরে থাকা উষার মা তাঁদের কথাকাটাকাটির শব্দ শুনতে পান।

পরদিন সকালে উষার ছোট ছেলে প্রান্ত দেবনাথ মাকে ডাকতে গিয়ে ঘরের মেঝেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা নারায়ণকে খুঁজে না পেয়ে সন্দেহ করেন, তিনি স্ত্রীকে হত্যার পর পালিয়ে গেছেন।

পরিবারের অভিযোগ, ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে কোনো একসময় নারায়ণ উষার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। তবে অভিযোগটি আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষ।

এ ঘটনায় উষার ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন। মামলাটি ২৫ সেপ্টেম্বর দায়ের করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ ও এসআরবি-১১-এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০:৩০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলার কোমল মিনিবাস মাঠসংলগ্ন নদীর পাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় একমাত্র আসামি নারায়ণ দেবনাথকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



আরও পড়ুন: