সাজেকের সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই ছড়িয়ে পড়ছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ, গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তুলে এবার রাজপথে নেমেছে ইউপিডিএফ(প্রসীত খীসা) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি),হিল উইমেন্স ফেডারেশন ও গনতান্ত্রিক যুব ফোরাম।
আগামীকাল শনিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের সমর্থনে দুই জেলায় প্রচার মিছিল ও সমাবেশ করেছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। এতে অবরোধ ঘিরে নতুন করে অচলাবস্থা ও সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় রাঙামাটির কাউখালী উপজেলার কচুখালী এলাকা থেকে বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদ,হিল উইমেন্স ফেডারেশন ও গনতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার মিছিল শুরু হয়।
মিছিলটি সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাজেকের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকালের অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
একই দাবিতে খাগড়াছড়ি শহরেও প্রচার মিছিল করেছে পিসিপির জেলা শাখা। শুক্রবার সন্ধ্যা ৬টায় শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখান থেকেও সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
অবরোধ কর্মসূচি ঘিরে দুই জেলার সড়ক ও নৌ যোগাযোগে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এতে পর্যটক, সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সাজেকের ঘটনাকে কেন্দ্র করে চলমান উত্তেজনা আরও বিস্তৃত হলে তার প্রভাব পড়তে পারে পুরো পার্বত্য অঞ্চলের স্বাভাবিক জনজীবনে।
আরও পড়ুন:







