বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

সুনামগঞ্জে ছিনতাই এবং হানিট্র্যাপের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগে আটক এক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ২২:৪১

শেয়ার

সুনামগঞ্জে ছিনতাই এবং হানিট্র্যাপের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগে আটক এক
ছবি: বাংলা এডিশন

সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে তিনজন পথচারীর মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে শিমন চৌধুরী (৩০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহর থেকে তাকে আটক করা হয়। সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার শাহীন চৌধুরীর পুত্র আটক শিমন চৌধুরী ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের কালীবাড়ি রোডে ছিনতাইয়ের শিকার ফারহান হোসেন রাফি চৌধুরী দুই বন্ধুকে নিয়ে গত ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কালীবাড়ি রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে শিমনসহ কয়েকজন তাদের পথরোধ করে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা কয়েকজন নারী ও পুরুষ উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের মোবাইল ফোন ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়। ওই মানিব্যাগে নগদ ২০ হাজার টাকা ছিল বলে অভিযোগ করেন বাদী।

এ ঘটনায় ফারহান হোসেন রাফি চৌধুরী বুধবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শিমন চৌধুরীকে আটক করে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, নারীকে ব্যবহার করে হেনস্তা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে শিমন নামের এক তরুণকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই এবং হানিট্র্যাপের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে বলে জানান তিনি।