সাজেকে চলমান সড়ক অবরোধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া। একই সঙ্গে অবরোধ প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, সাজেকের পর্যটনশিল্পের সঙ্গে স্থানীয় রিসোর্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, পর্যটনসংশ্লিষ্ট কর্মীসহ অসংখ্য মানুষের জীবিকা জড়িত। পর্যটকদের যাতায়াত বন্ধ হয়ে গেলে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি স্থানীয় কৃষকেরা পর্যটকদের কাছে কমলা, কলাসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রির যে সুযোগ পান, তাও ব্যাহত হয়।
তিনি বলেন, সড়ক অবরোধের কারণে হাজার হাজার পর্যটক ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এ ধরনের কর্মসূচির কারণে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে। সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে কোনো সমস্যার সমাধান হতে পারে না।
ওয়াদুদ ভূঁইয়া সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানান। পাশাপাশি কোনো দাবি বা সমস্যা থাকলে তা সংঘাত কিংবা সড়ক অবরোধের পরিবর্তে প্রশাসন ও সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সতর্ক করে আরও বলেন, অবরোধ প্রত্যাহার না হলে সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে পারে।
আরও পড়ুন:







