সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ তুলে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদে নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সংগঠনটির কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। তাঁরা যৌথ বিবৃতিতে শনিবারের অবরোধের প্রতি সমর্থন জানান।
বিবৃতিতে বলা হয়, সাজেক থেকে সন্তু লারমা-সমর্থিত জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়ার দাবিতে আহূত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানাতে এ কর্মসূচি নেয়া হয়েছে। একই সঙ্গে সাজেকবাসীর ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানোও অবরোধের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা জানান, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথে এ অবরোধ কর্মসূচি চলবে। কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনগুলোর পাশাপাশি দুই জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি।
তবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন, ফায়ার সার্ভিসের যান, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
আরও পড়ুন:







