বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

সাজেকে অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১২:৫০

শেয়ার

সাজেকে অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি
ছবি সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উজো বাজার এলাকায় সাজেক সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীরা বাধা দিলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে একপর্যায়ে গোলাগুলি শুরু হয়।

এর আগে বুধবার বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ঘোষণা দেয়। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজো বাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে প্রায় তিন হাজার পর্যটক খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। তবে সকাল সাড়ে ৮টায় সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজো বাজারে পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে।

অবরোধকারীরা উজো বাজার এলাকায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের কারও বক্তব্য পাওয়া যায়নি।