সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকা থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর বাঁশতলা বিওপির বিশেষ টহল দল তাদের আটক করে।
বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মোঃ আমির যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের মো. আবুল হোসেন এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা।
বিজিবি জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিকের দেয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পাঠানোর সঙ্গে জড়িত। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্য হিসেবে দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া এবং নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিনের নাম উল্লেখ করেছে বিজিবি। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানানো হয়েছে।
বিজিবির তথ্যমতে, আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন থাকায় তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন।
আটক তিনজনকে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনায় দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন:







