গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ সময় পাশের একটি বসতবাড়িতে থাকা ৮ মাস বয়সী এক শিশু সামান্য দগ্ধ হয়েছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া দিঘীরপাড় এলাকার বিপ্লব মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ এই আগুনে যে তিনটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে,ইলিয়াস হোসেনের মুদিদোকান,মো. খোরশেদ আলমের ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান, সুজনের একটি বিডি ফুড ডিলারের দোকান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টা ৫০ মিনিটের দিকে ইলিয়াস হোসেনের মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পাশের দিঘি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, খাঁ-পাড়া রোডের সড়কটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। দূর থেকে পাইপ টেনে আগুন নেভাতে কাজ করতে হওয়ায় তাদের বেশ বেগ পেতে হয়।
এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে দায়িত্ব পালন করেন।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে সরু রাস্তার কারণে গাড়ি সরাসরি পৌঁছাতে না পারায় কাজ শুরু করতে কিছুটা সময় বেশি লেগেছে।
আরও পড়ুন:







